কালবেলা · সাধারণ
ছাত্রদল নেতা হত্যাকাণ্ডে এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে
10/27/2026

ছাত্রদল নেতা শাকিল (৩২) হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসমাউল হক। তিনি বলেন, হত্যা মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামি মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার বরাত দিয়ে নাটোর জজ কোর্টের আইনজীবী মুক্তার হোসেন সাংবাদিকদের বলেন, আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। তবে আসামি নিজেই শুনানি করার জন্য আদালতের কাছে অনুমতি চান।
আদালত অনুমতি দিলে মিন্টু জানান, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। পুলিশ কিছু যাচাই না করেই তাকে গ্রেপ্তার দেখিয়েছে। তিনি সঠিক তদন্ত চান।
এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা দাবি করেন, হত্যাকাণ্ডটি চাঞ্চল্যকর। প্রভাবশালী ব্যক্তি হওয়ায় আসামির বিরুদ্ধে কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে সাহস পাচ্ছে না। হত্যার সঠিক রহস্য উদঘাটনের জন্য আসামিকে ১০ দিনের রিমান্ড নেওয়া দরকার। এ সময় আদালত উভয় পক্ষের শুনানির পর আসামি মিন্টুর বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত দশটার দিকে গুরুদাসপুর বাজার সংলগ্ন ভাড়া বাড়ি থেকে মিন্টুকে আটক করে গুরুদাসপুর থানা পুলিশ।
পরে মঙ্গলবার দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। নুরুজ্জামান মিন্টু গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদে রয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার রাতে থানা পুলিশ মিন্টুকে আটক করে রাত ১২টার দিকে ডিবির কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদের পর হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালতে রিমান্ড মঞ্জুর করার পর আসামি মিন্টুকে আবারও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় খোয়ারপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছিলেন। এ ঘটনায় ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছিলেন তার বাবা রবিউল করিম। সেই মামলাতেই নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়।
রাজনৈতিক সূত্র জানিয়েছে, দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১২ দিন চিকিৎসার পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে ওই হাসপাতালেই কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির নেতৃত্বে এমপি আবদুল আজিজকে অবরুদ্ধ করা হয়।
মূল প্রতিবেদনে যান ↗