লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল এলাকায় ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা একটি বাঘের আক্রমণে একই গ্রামের তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ভারতের অভ্যন্তর থেকে বাঘটি বাংলাদেশে প্রবেশ করলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শরিফা বেগম ধান খেতে নিজের ছাগল খুঁজতে গেলে দেখতে পান ছাগলটি ঘাস খাচ্ছে। তিনি ছাগলটির কাছে পৌঁছানো মাত্রই হঠাৎ বাঘের হামলার শিকার হন। তাকে বাঁচাতে ও ঘটনা সামাল দিতে গিয়ে পরবর্তীতে আরও দুজন বাঘের আক্রমণে আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মামুন বলেন, বাঘের হামলায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। আঘাত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মনা বলেন, বাঘের হামলায় তিনজন আহত হওয়ার পর তাদের রংপুরে পাঠানো হয়েছে। খবর দেওয়া হলে রংপুর থেকে বন বিভাগের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
