সম্পাদক ও প্রকাশক: আবুল হাসান মো: আল ফারুকা
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
যুদ্ধের মধ্যে ভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি। পতন হতে হতে যা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে গেছে। দেশটির মুদ্রা রিয়ালের দর নেমে গেছে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে। শনিবার (২৮ নভেম্বর) এক মার্কিন ডলারে মিলেছে ৩০ লাখ রিয়াল। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
পাশাপাশি খাদ্যপণ্যের দামও গত এক বছরে বেড়েছে ১১২ শতাংশের বেশি। এমতাবস্থায় সঞ্চয়ের অর্থ নিরাপদ রাখতে ডলার ও সোনা কিনছেন অনেক ইরানি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
রয়টার্স বলেছে, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও ক্রমবর্ধমান অবরোধের মধ্যে মূল্যস্ফীতি বৃদ্ধির সঙ্গে রিয়ালের সর্বোচ্চ দরপতন হলো। প্রতিবেদনে বলা হয়, মুক্তবাজার ট্র্যাকিং ওয়েবসাইট বোন-বাস্টের তথ্য অনুযায়ী, গতকাল এক মার্কিন ডলার ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে বিনিময় হয়েছে। যেখানে শুক্রবার এটি ছিল ২৯ লাখ ৩৮ হাজার।
অন্যদিকে অ্যালানচেন্ড জানায়, ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালের বিনিময়ে এক ডলার মিলছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আগে থেকেই অর্থনীতিতে দুরাবস্থা চলছিল ইরানের। এরপর যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এরমধ্যে খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো মার্কিনিদের নৌ-অবরোধ।
গত জুলাই থেকে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করে রেখেছে তারা। এতে করে ইরান সমুদ্রে পথে পণ্য আমদানি বা রপ্তানি করতে পারছে না। এর বিকল্প হিসেবে স্থলপথ ব্যবহার করে পণ্য আনা নেওয়া করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এটিও বন্ধ করতে একটি টাস্কফোর্স গঠন করেছে।
এর পাশাপাশি এ সপ্তাহে ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য হলো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং তাদের ছায়া ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করা।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটিতে ভোক্তা পণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেশি ছিল। একই সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। আর খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।
এর আগে গত আগস্টে ইরানের মুদ্রার দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তখন প্রতি ডলারের দাম ২০ লাখ রিয়ালের সীমা ছাড়িয়ে যায়। আর গত জুলাইয়ে পশ্চিম এশিয়ার এই দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৬৬ শতাংশ।
