রাজশাহীতে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে তরুণ তোফাজ্জল হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. মাসুম (২৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে রাজশাহী মহানগরের বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে পবা থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাসুম পবা উপজেলার বাগধানী উলাপুর গ্রামের ওহেদুল ইসলামের ছেলে। সোমবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে উলাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোফাজ্জলকে (১৯) আঘাত করেন মাসুম। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জলের মৃত্যু হয়।
এই ঘটনায় পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকে সাজা পরোয়ানা মাথায় নিয়ে তিনি পলাতক ছিলেন। গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
জেএইচআর
