টোকিওতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সামিট বৈঠক। এতে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও রাজকীয় গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জাপানি প্রধানমন্ত্রী।
দ্বিপক্ষীয় এই শীর্ষ বৈঠকে মেট্রোরেলসহ বাংলাদেশে চলমান বিভিন্ন মেগা অবকাঠামো প্রকল্পের নির্মাণ ব্যয় পুনর্মূল্যায়ন, ঋণের সুদের হার কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনায় প্রাধান্য পাচ্ছে। দ্বিপক্ষীয় আলোচনা শেষে জাপানের স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় দুই শীর্ষ নেতার যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই চার দিনের সফরকালে দুই দেশের মধ্যে প্রায় চার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হতে পারে।
এর আগে, চার দিনের সরকারি সফরের প্রথম দিন সোমবারেও ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCEC) এবং জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সফরসূচি অনুযায়ী, আগামী দিনগুলোতে প্রধানমন্ত্রী জাপানের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানির প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রধান এবং খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন এবং কয়েকটি শিল্প কারখানা পরিদর্শন করবেন।
