প্রকাশিত: ১৭:২৯, ২৬ অক্টোবর ২০২৬
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত শিশুদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে
গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ আরাফ (২) ও মিফতাহুল জান্নাত (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মিফতাহুল জান্নাত ওই গ্রামে আশরাফুল ইসলামের মেয়ে। আব্দুল্লাহ আরাফ একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তাদের দুজনেরই বয়স ১ বছর ১০ মাস। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে দুই শিশু একসঙ্গে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
