চিত্রনায়ক মান্নার ব্যবহৃত একটি গাড়ি মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর পরিবারের ম্যানেজার ও এক টেকনিশিয়ানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি গ্যারেজ ও আশপাশের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মামলার অভিযোগে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৯০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন। কারাগারে পাঠানো দুই ব্যক্তি হলেন মো. মামুন মন্ডল (২৯) ও মো. সোহেল পাটওয়ারী (৩৭)।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. ইয়াউর রহমান তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জামিন আবেদন করেন। জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়ির গ্যারেজে চিত্রনায়ক মান্নার স্ত্রী সেলির নামে নিবন্ধিত ঢাকা মেট্রো-গ-১৫-০৭৭৫ নম্বরের একটি ব্যক্তিগত গাড়ি দীর্ঘদিন ধরে পড়ে ছিল। গাড়িটির নিচে তেলের চিহ্ন দেখতে পেয়ে সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় বাড়ির কর্তৃপক্ষ।
এরপর গাড়িটি গ্যারেজ থেকে বের করে ওয়ার্কশপে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় পরিবারের ম্যানেজার মামুনকে। তবে অভিযোগ রয়েছে, গত ২৬ অক্টোবর মামুন ও টেকনিশিয়ান সোহেল গ্যারেজেই গাড়িটির মেরামতের কাজ শুরু করেন।
এ সময় সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গাড়িটিতে আগুন ধরে যায়। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি আরেকটি ব্যক্তিগত গাড়ি, গ্যারেজ, বৈদ্যুতিক তার, সিসিটিভি ক্যামেরা, গেটের শাটার ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। ভবনের বিভিন্ন স্থানের কাচও ভেঙে যায়।
এ ঘটনায় বাড়ির ম্যানেজার মো. গাজি মানিক মিয়া ভাটারা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে মামুন ও সোহেলকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন অব্যবহৃত থাকা গাড়িটি মেরামতের সময় কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা তদন্তসাপেক্ষ।
