Published on
:
2 min read
হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং করার সময়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক বিদেশি পর্যটক। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বুলগেরিয়ার এক পর্যটকের। হিমাচল প্রদেশের ধরমশালা এলাকায় প্যারাগ্লাইডিং করার সময়ে আহত হয়েছেন আরও এক পর্যটক। উদ্ধার করা হয়েছে ওই বিদেশি পর্যটককে।
রবিবার বিকেলে ধরমশালার খানাইরায় রাইজিং স্টার পিক প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন তাঁরা। তখনই এই দুর্ঘটনা ঘটে। সোমবার উদ্ধার হয়েছে বিদেশি ওই পর্যটকের দেহ। কী কারণে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
ধরমশালার পুলিশ এবং জেলা প্রশাসন সূত্রে খবর, মৃতের নাম ম্যাক্সিম ভ্যালেন্তিনোভিচ গাভরিলিচেঙ্কো ( Maxim Valentinovich Gavrilichenko)। তিনি বুলগেরিয়ার নাগরিক। দুর্ঘটনায় আহত আহত হয়েছেন স্টিফেন অ্যান্টনি (Stephen Antony)। তিনিও বুলগেরিয়ার নাগরিক।
পুলিশ জানিয়েছে, পর্যটক ভিসায় ৭ অক্টোবর ভারতে এসেছিলেন গাভরিলিচেঙ্কো । রবিবার তিনি তাঁর বন্ধুর সঙ্গে আলাদাভাবে প্যারাগ্লাইডিং করছিলেন। সকাল ১১টার দিকে গাভরিলিচেঙ্কো ও অ্যান্টনি বীর বিলিং থেকে প্যারাগ্লাইডিং করেন। এর পরেই ওই দুর্ঘটনা ঘটে। রবিবার বিকেল ৩টে থেকে সাড়ে ৩টার মধ্যে ধরমশালার খানাইরা এলাকায় রাইজিং স্টার পিক-এর কাছে প্রায় ২৭০০ মিটার উচ্চতায় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এর পরেই মাটিতে আছড়ে পড়েন গাভরিলিচেঙ্কো। তবে বেঁচে গিয়েছেন অ্যান্টনি। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রবল বাতাসের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন আধিকারিকরা।
সেখানকার আধিকারিকরা জানিয়েছেন, রবিবার রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধার কাজ শুরু করে জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর (District Disaster Management Authority)। রাতেই ওই এলাকায় অভিযান শুরু করে SDRF। কোন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে তা নির্দিষ্ট করে জানার পরেই দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়। সোমবার সকাল ১০ নাগাদ উদ্ধার হয়েছে গাভরিলিচেঙ্কোর দেহ। ধরমশালার হাসপাতালে তাঁর দেহ রেখে বিষয়টি জানানো হয়েছে বুলগেরিয়া দূতাবাসের আধিকারিকদের।
কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখার পরেই জানা যাবে বলেও জানিয়েছেন তাঁরা।
