প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ পিএম
সিলেটের বালাগঞ্জে ভাতিজার হাতে নিহত আবদুল লতিফ আবুলের (৭০) জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার মধ্য মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব বক্তব্যে বক্তারা মরহুমের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় পরিবারের সদস্য ও মুসল্লিরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানাজায় বক্তব্য দেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান এবং মাদার বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহীদ আহমদ বুগদাদি।
এ সময় উপস্থিত ছিলেন মুসলিমাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুহিনুর চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আবদুল ওয়াদুদ, স্থানীয় ব্যক্তিত্ব সাদ্দেক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বালাগঞ্জ উপজেলার মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামে পারিবারিক কলহের জেরে আবদুল লতিফ আবুলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তাঁর আপন ভাতিজা মির্জা টিটু মিয়া এ হত্যাকাণ্ডে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশ নেওয়া স্বজন ও মুসল্লিরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেন।
