বরিশালের উজিরপুরে শাক তুলতে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে রোববার দিবাগত রাতে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার কুন্দিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকালে র্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এ তথ্য জানান। গ্রেপ্তার জাকির উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ড্রেজার ব্যবসার সঙ্গে যুক্ত।
র্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী, জাকির ওই কিশোরীকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের একটি নির্জন ডোবা থেকে কলমি শাক তুলতে গেলে একা পেয়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে জাকির পালিয়ে যান।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার রাতে উজিরপুর মডেল থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে র্যাব-৮-এর সহায়তা চান।
সাথী আক্তার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় জাকিরের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
যে আই
