মাগুরা সদর উপজেলার বড়খড়ি এলপিজি স্টেশন এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহাদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আফ্রিদি (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাদ হোসেন সদর উপজেলার বড়খড়ি গ্রামের নিজাম মোল্লার ছেলে। আহত আফ্রিদি একই গ্রামের নুরুল ইসলাম নান্নু মিয়ার ছেলে। সে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহাদ ও আফ্রিদি একই মোটরসাইকেলে মাগুরা শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বড়খড়ি এলপিজি স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবকই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
পরে স্বজনেরা তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুর এলাকায় পৌঁছালে আহাদ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত আফ্রিদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।
এদিকে আহাদের মৃত্যুর খবর নিজ গ্রামে পৌঁছালে পরিবার, স্বজন ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তরুণ বয়সে তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকাজুড়ে নেমে আসে শোকের আবহ।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক দুর্ঘটনায় এক তরুণের অকালমৃত্যু এবং অপরজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
