সশস্ত্র সদস্যদের অপসারণসহ তিন দফা দাবিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের পঞ্চম দিন চলছে। অবরোধের কারণে বন্ধ রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। এতে পর্যটন ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
গত ২২ অক্টোবর থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ অবরোধ কর্মসূচি চলছে। সড়কের বিভিন্ন স্থানে পিকেটারদের দেখা না গেলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক থেকে অপসারণসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
আন্দোলনকারীদের অন্য দাবিগুলো হলো স্থানীয় পাহাড়ি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া।
এদিকে অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়। ফলে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।
রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
The post সাজেকে অবরোধ চলছেই, সামনে এলো ‘নতুন সিদ্ধান্ত’ appeared first on ভোরের চেতনা.
