সৌদির প্রধান অপরিশোধিত তেল পাইপলাইনে হামলা চালানোর দাবি করেছে হুতিরা
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে যে সৌদি আরবে একটি প্রধান অপরিশোধিত তেল পাইপলাইন ও তেল স্থাপনায় হামলা চালিয়েছে তারা। দুই প্রতিবেশী দেশের মধ্যে অব্যাহত গোলাগুলির মধ্যেই এই ঘোষণাটি আসে, অপরিশোধিত তেলের আরও মূল্য বৃদ্ধির আশঙ্কা যা তৈরি করেছে।
হুতিরা শনিবার বলেছে, ইয়েমেনের প্রতি সৌদি আরবের ‘নিষ্ঠুর’ আগ্রাসনের জবাবে তারা সামরিক অভিযান চালিয়েছে।
বিদ্রোহীরা জানায় যে তাদের লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত একটি পাইপলাইন এবং লোহিত সাগর উপকূলের ইয়ানবুতে অবস্থিত একটি রাষ্ট্র পরিচালিত তেল কোম্পানির স্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে।
পাইপলাইনটি হরমুজ প্রণালি এড়িয়ে অপরিশোধিত তেল রপ্তানির একটি বিকল্প পথ হিসেবে কাজ করে আসছে। সৌদি আরবের অপর এক প্রতিবেশী দেশ ইরাক থেকে চালানো একটি ড্রোন হামলায় গত মাসে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
হুতি হামলায় পাইপলাইন ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে সৌদি নেতৃত্বাধীন জোট শনিবার জানিয়েছে যে, তারা হুতিদের নিক্ষেপ করা একটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।