‘যখন আমি থাকব না গো, শুধু থাকবে আমার গান/ যত্ন করে শুইনো তারে, দিও তাহার দাম’—এমন কথামালায় তৈরি একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। ‘যখন আমি থাকবো না গো’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকবি মাহবুবুল খালিদ। আর এর সুরারোপ করেছেন প্রখ্যাত সুরকার প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল।
সম্প্রতি ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটির সংগীতচিত্র (মিউজিক ভিডিও) প্রকাশিত হয়েছে। পাশাপাশি একই নামের ওয়েবসাইটে গানটির অডিও প্রকাশ করা হয়েছে।
গানটির মূল বক্তব্যে ক্ষণস্থায়ী মানবজীবন, মানুষের স্মৃতিতে বেঁচে থাকার আকুতি এবং সংগীতের চিরন্তন আবেদন তুলে ধরা হয়েছে। মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও যে তার সৃষ্টিকর্ম থেকে যায় এবং সেই সৃষ্টিকে ভালোবাসা ও যত্নে আগলে রাখার কথাই গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে।
জানা গেছে, ২০১৩ সালের ১৫ নভেম্বর গানটির সুরারোপ করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সুর করার প্রায় ছয় বছর পর ২০১৯ সালের ২২ জানুয়ারি তিনি পরলোকগমন করেন।
গীতিকবি মাহবুবুল খালিদ দীর্ঘদিন ধরে সংগীত ও সাহিত্যাঙ্গনে সক্রিয় রয়েছেন। প্রেম, প্রকৃতি ও মানবিকতার পাশাপাশি সামাজিক অসংগতি এবং বাস্তব জীবনের আলোচিত নানা ঘটনা তার গানের উপজীব্য। তিনি ইতিমধ্যে পাঁচ শতাধিক গান লিখেছেন, যেগুলোতে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা।
মাহবুবুল খালিদের লেখায় সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সংকট বারবার প্রতিফলিত হয়েছে। মিরপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীকে নিয়ে তিনি লিখেছেন ‘আদুরি’, সীমান্তে হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে লিখেছেন ‘ফেলানীরে করলো গুলি’। এ ছাড়া মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনায় তিনি রচনা করেন ‘মাগুরার ফুল’ এবং সাম্প্রতিক আরেকটি ঘটনাকে কেন্দ্র করে লিখেছেন ‘রামিসাদের বিচার’। দেশের সীমানা ছাড়িয়ে ফিলিস্তিনের নিপীড়িত মানুষ ও রোহিঙ্গা সংকট নিয়েও মানবতা ও প্রতিবাদের গান রচনা করেছেন এই গীতিকবি।
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]
