এক রাতে ফুটবলের দুই আকর্ষণ-ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আর মাঠের লড়াই! আজ রাতের ফুটবল সূচিতে সবচেয়ে বড় আকর্ষণ ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতবার উসমান দেম্বেলের হাতে উঠেছিল মর্যাদার এই পুরস্কার।
এবার তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ। পাশাপাশি ইউরোপের ক্লাব ফুটবল ও এএফসি চ্যাম্পিয়নস লিগেও রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ।
ব্যালন ডি’অরের এবারের আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে হ্যারি কেইন ও লামিনে ইয়ামালের নাম। বুকমেকারদের সাম্প্রতিক বাজির দর বলছে, পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার কেইন। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্নের হয়ে ৬৫ ম্যাচে তার গোলসংখ্যা ৭৩। এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কোনো কোনো বুকমেকারের হিসাবে তার জয়ের সম্ভাবনার বিপরীতে বাজির দর নেমে এসেছে ১.৩৫-এ।
অন্যদিকে বার্সেলোনার তরুণ তারকা ইয়ামালের সম্ভাবনা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাজির দর বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬.০০। তবে বুকমেকারদের এই হিসাবই শেষ কথা নয়। ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারিত হবে সাংবাদিকদের ভোটে। ফলে শেষ পর্যন্ত কার হাতে উঠবে পুরস্কার, তা নিয়ে উত্তেজনা থাকছেই।
এবারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ৩০ জন ফুটবলার। সেখানে আছেন গতবারের বিজয়ী দেম্বেলে, লিওনেল মেসি, হ্যারি কেইন, মাইকেল ওলিসে ও লামিনে ইয়ামালের মতো তারকারা। মেসির নাম তালিকায় থাকায় তার ভক্তদের মধ্যেও আগ্রহ রয়েছে। তবে ৩৯ বছর বয়সে আবারও এই পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা যতই থাকুক, এবারের দৌড়ে তরুণ ও বর্তমান সময়ের তারকারাই বেশি আলোচনায়। মেসির মোট ৮টি ব্যালন ডি’অর রয়েছে। এবার কি পাবেন আরেকটি?
ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনে অংশ নেন ১০০ জন সাংবাদিক। প্রত্যেকে ফুটবলারদের ১ থেকে ১০ পর্যন্ত নম্বর দিয়ে থাকেন। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের সাফল্যে অবদান, জেতা শিরোপা এবং মাঠ ও মাঠের বাইরের আচরণও বিবেচনায় নেওয়া হয়। ফলে শুধু গোল কিংবা অ্যাসিস্টের হিসাব দিয়ে এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করা হয় না।
রাতের আকর্ষণ শুধু ব্যালন ডি’অরেই সীমাবদ্ধ নয়। মাঠের লড়াইয়েও রয়েছে বেশ কয়েকটি নজরকাড়া ম্যাচ। ফরাসি লিগ ওয়ানে রাত দেড়টায় মুখোমুখি হবে পিএসজি ও অলিম্পিক লিওঁ। স্প্যানিশ লা লিগায় রাত দুইটায় সেভিয়ার প্রতিপক্ষ ওসাসুনা। আর এএফসি চ্যাম্পিয়নস লিগে রাত ১২টা ১৫ মিনিটে আল নাসর খেলবে আল ওয়াসলের বিপক্ষে।
ফুটবল
ব্যালন ডি‘অর অ্যাওয়ার্ড
সরাসরি, রাত ২টা
সনি স্পোর্টস, সনি লাইভ, ড্যাজন
লা লিগা
সেভিয়া-অসাসুনা
সরাসরি, রাত ২টা
টি স্পোর্টস, ফ্যানকোড
ফরাসি লিগ ওয়ান
পিএসজি-অলিম্পিক লিওঁ
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২
এএফসি চ্যাম্পিয়নস লিগ
আল নাসর-আল ওয়াসল
সরাসরি, রাত ১২টা ১৫ মিনিট
ফ্যানকোড, ট্যাপম্যাড
