ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা এনএইচটি স্পোর্টস শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিল চট্টগ্রাম ফ্রাঞ্জাইজি ক্রিকেট লিগের। শুরু হার দিয়ে শুরু নয় পরপর দুই ম্যাচে হেরে এক পর্যায়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার উপক্রম হয়েছিল এনএইচটির। কিন্তু লীগ পর্বের শেষ ম্যাচটি জিতে জায়গা করে নেয় সেমিফাইনালে। আর সেমিফাইনালে প্রতিপক্ষকেতো একেবারে উড়িয়েই দিয়েছে। সে সাথে জায়গা করে নিয়েছে ফাইনালে।
আজ মঙ্গলবার সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এনএইচটি স্পোর্টস ৭ উইকেটে বাকলিয়া অগ্রসর ক্লাবকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাবের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি এনএইচটির বোলারদের সামনে।
বিশেষ করে শোয়াইব, মোরসালিন এবং সজিবের বোলিং তোপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ বলে ৪৪ রান করেন রিফাত। এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছেন কেবল দুজন। তারা হলেন ১৯ রান করা নাজমুল এবং ১৮ রান করা রাসেল। এনএইচটি স্পোর্টসের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন শোয়াইব এবং মোরসালিন মুরাদ। এছাড়া ২টি উইকেট নিয়েছেন সজিব।
জবাবে ব্যাট করতে নামা এনএইচটি স্পোর্টস ২৩ রানে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে ইফতেখার শরীফ এবং মিনহাজ সৌরভ ৬৮ রান যোগ করে দলকে জয়ের কিনারায় পৌঁছে দেন। ৩৬ বলে ৪০ রান করে ইফতেখার ফিরলেও সৌরভ ফিরেছেন ৩২ বলে ২২ রান করে দলকে জিতিয়ে। ৩২ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করার পাশাপাশি ফাইনালে পৌঁছে যায় এনএইচটি স্পোর্টস। ম্যাচ সেরা হয়েছেন এনএইচটি স্পোর্টসের শোয়াইব চৌধুরী।
দিনের অপর সেমিফাইনালে রায়ান স্পোর্টসকে বাগে পেয়েও হারাতে পারেনি আম্বিয়া স্পোর্টস। প্রতিদ্বন্দ্বিতাপুর্ন ম্যাচে আম্বিয়া স্পোর্টসকে ৬ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় রায়ান স্পোর্টস। টসে হেরে ব্যাট করতে নামা রায়ান স্পোর্টসকে মাত্র ৬৮ রানে অল আউট করে দিয়েছিল আম্বিয়া স্পোর্টস। রায়ানের পক্ষে তানজির ২০ এবং জায়েদ উল্লাহ ২৫ ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি।
আম্বিয়া স্পোর্টসের পক্ষে ওয়াকি উদ্দিন ৮ রানে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন রতন দাশ। ৬৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আম্বিয়া স্পোর্টসের ব্যাটাররা চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেন। ২০ ওভারে খেললেও মাত্র ৬২ রান করতে সক্ষম হয় তারা।
দলের পক্ষে ইমরান ২৭ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। রায়ান স্পোর্টসের পক্ষে ১০ রানে ৪টি উইকেট নিয়েছেন তানভীর ইসলাম। ১১ রানে ৩ উইকেট নিয়েছেন শহীদুল ইসলাম। রায়ান স্পোর্টসের তানভীর ইসলাম ম্যাচ সেরা নির্বাচিত হন। আগামীকাল বুধবার ফাইনালে মুখোমুখি হবে এনএইচটি স্পোর্টস এবং রায়ান স্পোর্টস। সকাল ১০ টায় শুরু হবে ম্যাচটি।
চট্টগ্রামনিউজ/ আরএমকে/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
