পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।
Published : 26 Oct 2026, 09:25 AM
Updated : 26 Oct 2026, 10:51 AM
লক্ষ্মীপুরে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক যুবককে হত্যা করা হয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি এলাকায় ‘মাদক ব্যবসার’ সঙ্গে জড়িত। আর মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, রোববার রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কে বা কারা গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জুয়েলকে হত্যার পর মরদেহ বাগানে ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের একাধিক মামলা এবং এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে।
ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিল। মাদক নিয়ে দ্বন্দ্বেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
