প্রকাশিত: ২০:৪১, ২৬ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়
গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ডেনিমার্ক ফ্যাশন ওয়াশিং কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একইসঙ্গে কারখানায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে মহানগরীর টঙ্গী পূর্ব থানার হিমারদিঘী এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সৈয়দা তামান্না হোরায়রা।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, হিমারদিঘী এলাকার একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে জ্বালানি ব্যবহারের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ডেনিমার্ক ফ্যাশন ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জরিমানা করা হয়।
তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, অবৈধ সংযোগের কারণে সরকার নির্ধারিত রাজস্ব থেকে বঞ্চিত হয়। এ ছাড়া গ্যাসের সুষ্ঠু বিতরণ ও সরবরাহব্যবস্থাও বিঘ্নিত হতে পারে। এসব অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
