নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী মনোয়ারা বেগম ও শিশু সন্তান সোহাগকে হত্যার দায়ে হারেছ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই রাতে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় নিজেদের ভাড়া বাসায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী মনোয়ারা বেগম ও শিশু সন্তান সোহাগকে ছুরিকাঘাতে হত্যা করেন হারেছ। ঘটনার পর তিনি পালিয়ে যান।
এ ঘটনায় নিহত মনোয়ারার ভাই মজিবুর রহমান মজিদ বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ হারেছকে গ্রেপ্তার করে। মামলার বিবরণ অনুযায়ী, গ্রেপ্তারের পর হারেছ স্ত্রী ও সন্তানকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক কার্যক্রম শেষে আদালত হারেছকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হারেছকে জেলা কারাগারে পাঠানো হয়।
বিআলো/আমিনা