কালবেলা · দেশ
জাতীয় গ্রিড পুনরুদ্ধার, ধীরে ধীরে চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র
10/27/2026

জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে গ্রিডের পুনরুদ্ধারকাজ শেষ হয়। বর্তমানে বিদ্যুতের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করায় উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
এর আগে দুপুর ১২টা ৪৩ মিনিটে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে রাজধানীর ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। একই সময়ে চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার তাৎক্ষণিক কারিগরি কারণ জানা যায়নি। ঘটনার পর জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারে কাজ শুরু করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কার্যক্রম পরিচালিত হয়।
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বর্তমানে দেশের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করতে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিং কমে আসবে।
অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পিজিবিপি।
মূল প্রতিবেদনে যান ↗