Published on
:
1 min read
এই সময়, ডোমজুড়: যাত্রিবাহী বাস ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ এক চালক–সহ বেশ কয়েকজন জখম হলেন হাওড়ার ডোমজুড়ে। শনিবার রাতের ওই দুর্ঘটনায় বেপরোয়া বাস চালকের দিকেই আঙুল তুলেছেন যাত্রীদের অনেকে।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে হাওড়া-আমতা রোডের ডোমজুড়ের দক্ষিণবাড়ির কাছে পাঁচারুলগামী একটি যাত্রিবাহী বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানের সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন মালবাহী পিকআপ ভ্যানের গাড়ির চালক। আচমকা দুই গাড়ির সংঘর্ষে বাসের মধ্যেই ছিটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী। তাঁদেরও কয়েকজন জখম হন।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, হাওড়ার দিক থেকে ঝড়ের গতিতে ডোমজুড় ছাড়িয়ে বড়গাছিয়ার দিকে যাচ্ছিল হাওড়া-পাঁচারুল রুটের যাত্রিবাহী বাসটি। সেই সময়ে উল্টো দিক থেকে ডোমজুড়ের দিকে আসা একটি ছোট মালবাহী গাড়ি বাসের সামনে এসে পড়লে, দু’টি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরস্পরকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে মালবাহী গাড়ির চালক গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বাসের কয়েকজন যাত্রীও আহত হন। বাসযাত্রীদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত করছে ডোমজুড় থানার পুলিশ।
