চট্টগ্রাম থেকে ফেরার পথে একটি কার্গো জাহাজের ধাক্কায় কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর আকমল আলী ঘাট এলাকা থেকে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করেন। এর আগে গত রোববার দিবাগত রাত চারটার দিকে আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল।
উদ্ধার হওয়া নিহত দুই জেলে হলেন নোয়াখালীর হাতিয়ার মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরীফ উদ্দিন। রোববার রাতে দুর্ঘটনার পর ট্রলারে থাকা তিন জেলের মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মিরাজ ও শরীফ নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকেই নদীর বিভিন্ন পয়েন্টে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন স্থানীয় ও স্বজনরা।
মঙ্গলবার ভোরে স্থানীয় বাসিন্দারা নদীতে মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলম জানান, সকালে স্থানীয়দের সহায়তায় কর্ণফুলী নদী থেকে নিহত দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশি আনুষ্ঠানিকতা ও আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো দ্রুত পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই আকস্মিক মৃত্যুতে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
