মো. তাফসিরুল ইসলাম
যশোরের মনিরামপুরে মহাসড়কের পাশে পরিত্যক্ত টায়ারের স্তূপ নিয়ে রাতদিন নিউজে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে টায়ার ব্যবসায়ী সুভাষ কুন্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে মহাসড়কের পাশ থেকে সব টায়ার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) মনিরামপুরের চিনাটোলা বাজারসংলগ্ন রাজাহাট-চুকনগর মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ। এ সময় টায়ার ব্যবসায়ী সুভাষ কুন্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পরিত্যক্ত টায়ারগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।
এর আগে গত ২০ অক্টোবর রাতদিন নিউজে ‘মনিরামপুরে মহাসড়কের পাশে পরিত্যক্ত টায়ারের স্তূপ, ডেঙ্গুর ঝুঁকিতে বাসিন্দারা’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে চিনাটোলা বাজারসংলগ্ন মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ফেলে রাখা পুরোনো টায়ারের স্তূপ এবং এর ফলে সৃষ্ট সম্ভাব্য জনস্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মহাসড়কের পাশে স্তূপ করে রাখা পুরোনো টায়ারের ভেতরে বৃষ্টির পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে। এতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আবাসিক এলাকার কাছাকাছি দীর্ঘদিন ধরে টায়ারগুলো ফেলে রাখায় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
রাতদিন নিউজে বিষয়টি তুলে ধরার ছয় দিনের মাথায় প্রশাসনের এ অভিযান পরিচালিত হলো। সংবাদ প্রকাশের পর প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
তবে প্রশাসনের বেঁধে দেওয়া সাত দিনের মধ্যে টায়ারগুলো সরিয়ে নেওয়া হয় কি না, সেটিই এখন দেখার বিষয়। স্থানীয়দের প্রত্যাশা, নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে মহাসড়কের পাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশাবাহিত রোগের সম্ভাব্য ঝুঁকি কমানো সম্ভব হবে
জনস্বার্থসংশ্লিষ্ট এ সমস্যা তুলে ধরে রাতদিন নিউজ গত ২০ অক্টোবর সংবাদ প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার ঘটনাটি স্থানীয় সমস্যার সমাধানে গণমাধ্যমের ভূমিকার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
