বরিশালের উজিরপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে আটক করেছে এসআরবি-৮। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানাধীন কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জাকির হোসেন বরিশালের উজিরপুর থানাধীন হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি-৮ এর বরিশাল সদর দপ্তরের মিডিয়া অফিসার সাথী সহকারী পুলিশ সুপার আক্তার জানান, ভুক্তভোগী কিশোরীকে তাদের প্রতিবেশী মোঃ জাকির হোসেন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকাল ১০ টার দিকে কিশোরী বাড়ির পাশে শাক তুলতে যাওয়ার সময় অভিযুক্ত তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেফতারের জন্য এসআরবি-৮ বরিশালের অধিনায়ক বরাবর পত্র প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ এর সদর কোম্পানি বরিশালের আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশালের উজিরপুর থানায় হস্তান্তর করা হয়।
