কোম্পানীগঞ্জ থানার সামনে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় বিরোধ মীমাংসা করতে এসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে থানা প্রাঙ্গণের ফটকসংলগ্ন সড়কে এ সংঘর্ষ ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মো. আলা উদ্দিন ওরফে সোহেল, ইমতিয়াজ চৌধুরী, মো. আজগর আলী, জাহিদুল ইসলাম সাব্বির ও মাইন উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ছোটধলী গ্রামের দুবাইপ্রবাসী সোহেল প্রায় এক বছর আগে মুঠোফোনে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের মাশরুপা আক্তারকে (১৯) বিয়ে করেন। প্রায় তিন মাস আগে দেশে ফেরার পর তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়।
এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাত ৮টার দিকে দুই পক্ষের প্রতিনিধিরা থানায় আসেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জয়দাস গুপ্ত তাঁদের বিরোধ স্থানীয়ভাবে মীমাংসার পরামর্শ দেন।
পরে থানা থেকে বের হওয়ার সময় ফটকসংলগ্ন সড়কে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, পারিবারিক বৈঠক শেষে চলে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পাঁচজনকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
