গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলের হাতে আব্দুস সামাদ নামে এক বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অভিযুক্ত আনোয়ার নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে পরিবারের সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার তার বাবার ওপর চড়াও হয় এবং তার মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অভিযুক্ত আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রস্তুত করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সংবাদ: গাজীপুর
২৪ অক্টোবর ২০২৬
২১ অক্টোবর ২০২৬
১০ অক্টোবর ২০২৬
