কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কেআইএফএফ) নতুন আসরের দিনক্ষণ ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। কলকাতার নন্দনসহ শহরের একাধিক প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হবে।
সোমবার (২৬ অক্টোবর) হাওড়ার সাঁতরাগাছিতে একটি ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী জানান, এবারের উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হবে। তাঁকে ঘিরে থাকছে স্মারক প্রদর্শনীর আয়োজনও।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবারের উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের খ্যাতনামা পরিচালক, প্রযোজক এবং অভিনয়শিল্পীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের কোন কোন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন, তা পরে জানানো হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এদিকে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে এবারের আয়োজন ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের পাশাপাশি সাংস্কৃতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে।
