নিজস্ব প্রতিবেদক · ২৬ অক্টোবর, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ লাইন্স প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া পুনাক, এসএমপি, সিলেট আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে পুলিশ লাইন্স প্রাঙ্গণে রেইজিং ডে-২০২৬-এর উদ্বোধন করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি পুলিশ লাইন্সে উপস্থিত হলে এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার পুলিশ পতাকা ও এসএমপির পতাকা উত্তোলন করেন।
এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়। পরে বেলুন উড়িয়ে ও কেক কেটে রেইজিং ডে-২০২৬-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি আনন্দ র্যালি বের করা হয়।
সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সভায় এসএমপির কার্যক্রম ও সাফল্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন পদমর্যাদার বর্তমান ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনাক, এসএমপি, সিলেট আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় পুলিশ কমিশনার আতিয়া মহলে বোমা হামলায় নিহত দুই পুলিশ পরিদর্শককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা, দলগত কাজ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসএমপির কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে হবে। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) সাহাদত হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুনাক, এসএমপি, সিলেটের সদস্য, পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
