গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার দাবি ও পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন (৩৪) পলাতক রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া সুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত আব্দুস সামাদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে নেশার টাকা চাওয়া ও পারিবারিক বিষয় নিয়ে আব্দুস সামাদের সঙ্গে তার ছেলে আনোয়ার হোসেনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আনোয়ার লাঠি দিয়ে তার বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে আব্দুস সামাদ গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত আনোয়ার পলাতক রয়েছেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আহত আব্দুস সামাদকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
