কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, হাতিয়ার দুই জেলে নিখোঁজ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে নোয়াখালীর হাতিয়া উপজেলার দুই জেলে নিখোঁজ হয়েছেন। কামাল উদ্দিন নামে অপর এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে মাছ ধরার জন্য একটি লালবোট কিনতে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান ওই তিন জেলে। রোববার রাতে বোটটি নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হন তাঁরা। পথে আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবে যায়।
দুর্ঘটনার পর কামাল উদ্দিন জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন। পরে জাহাজের কর্মীরা তাঁকে উদ্ধার করেন। তবে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের সন্ধান পাওয়া যায়নি।
হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, দুর্ঘটনাটি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
