চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে অবৈধভাবে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থাপনাটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৬ অক্টোবর) দাখিল করা অভিযোগ সূত্রে জানা যায়, ১৯১৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রধান ফটকসংলগ্ন সীমানা প্রাচীরের ভেতরে টিনের ঘর নির্মাণ করেছেন গাছবাড়ীয়া দুর্লভপাড়া এলাকার মৃত লালু মিয়ার ছেলে মোহাম্মদ আইয়ুব ও তাঁর সহযোগীরা।
অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের জায়গায় স্থাপনা নির্মাণের বিষয়টি নজরে আসার পর বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘরটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। তবে অনুরোধ সত্ত্বেও তিনি স্থাপনাটি অপসারণে রাজি হননি বলে অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ, নিরাপত্তা ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানার ভেতরে নির্মিত স্থাপনাটি সরিয়ে নিতে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
অভিযোগপত্রে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক স্বাক্ষর করেছেন। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আইয়ুবের বক্তব্য এবং উপজেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
The post বিদ্যালয়ের সীমানায় অবৈধ টিনের ঘর নির্মাণের অভিযোগ appeared first on ভোরের চেতনা.
