ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। ১০ মাসের বেশি সময় নির্বাসনে থাকার পর রোববার দেশে ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তিনি।
এক্সে দেওয়া এক পোস্টে মাচাদো লেখেন, “আমি এখানে। আপনাদের সঙ্গে।”
মাচাদোর মিত্র ও নির্বাসিত প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গনজালেসও তাঁর দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন। তিনি লেখেন, তাঁদের নেতা মারিয়া কোরিনা এখন ভেনেজুয়েলার মাটিতে। দিনটিকে ভেনেজুয়েলাবাসীর জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বভৌম কণ্ঠস্বর ফিরে এসেছেন। দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিতে শিগগিরই তাঁর সঙ্গে যোগ দেবেন বলেও জানান গনজালেস।
২০২৫ সালের শেষ দিকে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য গোপনে ভেনেজুয়েলা ছাড়ার পর থেকে নির্বাসনে ছিলেন মাচাদো। তাঁর এক সহযোগীর দাবি, দেশে ফেরার জন্য তিনি সাতবার চেষ্টা করেছিলেন। তবে প্রতিবারই ভেনেজুয়েলার কর্তৃপক্ষ তাঁকে বাধা দেয়।
মাচাদো নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে নরওয়ে যাওয়ার প্রায় এক মাস পর গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। পরে ফৌজদারি অভিযোগে বিচারের জন্য তাঁকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।
মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানকে স্বাগত জানিয়েছিলেন মাচাদো। তবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্বের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাঁকে সমর্থন না দিয়ে মাদুরোর ডেপুটি ডেলসি রদ্রিগেজকে সমর্থন দেয়।
