মেহেরপুরের বারাদী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খেলনা পিস্তল দিয়ে প্রতিপক্ষকে ভয় দেখানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক। পরে তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়া পরিচালনার চাঞ্চল্যকর তথ্য পায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের আবু সাইদের ছেলে সাব্বির আহমেদ (২২) এবং পিরোজপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. মাফুজুর রহমান ওরফে শিপন (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বারাদী বাজারে আড্ডা দেওয়ার সময় কথাকাটাকাটির একপর্যায়ে ওই যুবকরা খেলনা পিস্তল বের করে প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় লোকজন তাঁদের অবরুদ্ধ করে বারাদী পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করে এবং সেটি খেলনা পিস্তল বলে নিশ্চিত হয়।
খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের মোবাইল ফোন তল্লাশি করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি আইফোনসহ মোট চারটি স্মার্টফোন, একটি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড ও অন্যান্য ডিভাইস জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা জানান, খেলনা পিস্তল দিয়ে ভয়ের সৃষ্টির ঘটনায় আটকের পর তাঁদের ফোনে অনলাইন জুয়া পরিচালনার তথ্য পাওয়া যায়। জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জেএইচআর
