আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের রেকর্ড রান তাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিলক বর্মা এবং নীতিশ কুমার রেড্ডি। দুই ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। বিশেষ করে তিলকের ব্যাটিং দক্ষতায় মুগ্ধ। তাঁকে যুবরাজ সিং এবং মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করলেন। ক্রাইস্টচার্চে শনিবার নিউজিল্যান্ডের দেওয়া ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পাঁচ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৬৮ রান। সেই কঠিন পরিস্থিতিতে তিলক এবং নীতিশের অপরাজিত ৬৯ রানের জুটি এক বল বাকি থাকতে জয় এনে দেয়।
শেষ পাঁচ ওভারে ৬৮ রান তুলে টি-২০ আন্তর্জাতিকে সফল রান তাড়ায় নিজেদের নতুন রেকর্ড গড়ে ভারত। এর আগে ২০২২ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শেষ পাঁচ ওভারে ৬০ রান তোলার নজির ছিল ভারতের। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। মঙ্গলবারই সিরিজ পকেটে পুরবেন শ্রেয়সরা। রায়না বলেন, 'যুবি পা, ধোনি ভাই এবং আমি যখন ৫, ৬, ৭ বা ৮ নম্বরে ব্যাট করতাম, তখন আমাদের মধ্যে একটা আলাদা আবেগ ছিল। তিলকের মধ্যেও সেই একই গুণ দেখতে পাচ্ছি। ওর মানসিকতাই আলাদা। দুর্দান্ত খেলছে। বল হাতেও অবদান রাখছে।'
নীতিশের ইতিবাচক মানসিকতারও প্রশংসা করেছেন রায়না। পাশাপাশি দীর্ঘ বিরতির পর ভারতীয় দলে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তনেও খুশি তিনি। ভারতের টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বেরও প্রশংসা করেছেন রায়না। তাঁর মতে, টি-২০ ক্রিকেটে শ্রেয়সের নেতৃত্বের ধরন বেশ ব্যতিক্রমী। রায়না বলেন, 'শ্রেয়স খুব ভাল করছে। তবে ও যেভাবে অধিনায়কত্ব করছে, এই ফরম্যাটে বহু বছর পর এমন দৃষ্টিভঙ্গির কোনও অধিনায়ক দেখলাম। ও নিজের আলাদা একটা উত্তরাধিকার তৈরি করছে। ওর জন্য আমার শুভেচ্ছা রইল।'
আইপিএলে ইতিমধ্যেই অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন শ্রেয়স। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস, তিনটি দলকেই ফাইনালে তুলেছেন তিনি। ২০২৪ সালে কেকেআরকে তৃতীয় আইপিএল খেতাব এনে দেওয়া তাঁর সবচেয়ে বড় সাফল্য। ২০২৫ সালেও পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন শ্রেয়স। ২০২৬ টি-২০ বিশ্বকাপ জেতানো সূর্যকুমার যাদবের থেকে ভারতীয় টি-২০ দলের নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পরও সেই সাফল্যের ধারাই বজায় রেখেছেন শ্রেয়স। যদিও শুরুটা হয়েছিল বিদেশের মাটিতে জোড়া সিরিজ হার দিয়ে।
