ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপতলার মধ্যবর্তী উপকূলে ঝড়টির আঘাত হানার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ওড়িশা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলগুলোতে সতর্কতা জারি করেছে প্রশাসন।
ওড়িশার পাঁচ জেলায় অতি ভারি বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের মোকাবিলায় রাজ্যজুড়ে ২২৫টি উদ্ধারকারী দল মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় কর্মীদের ছুটি বাতিল করেছে প্রশাসন।
আগামী ২৮ ও ২৯ অক্টোবর পাঁচ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াই সরকারের অগ্রাধিকার।