Published on
:
1 min read
এই সময়: কৃত্রিম বুদ্ধিমত্তা কখওনই ক্লাসে শিক্ষকদের বিকল্প নয়। বরং শিক্ষকদের সহায়ক হিসেবেই প্রযুক্তির ব্যবহার হওয়া উচিত। সেইসঙ্গে স্কুলশিক্ষায় শিক্ষক সঙ্কট দূর করা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারি অর্থায়ন আরও বাড়ানো জরুরি। ইন্দোনেশিয়ার জাকার্তায় দশম এডুকেশন ইন্টারন্যাশনালের ১৩–১৫ অক্টোবর এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে এই প্রস্তাব গৃহীত হয়েছে।
পাশাপাশি শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষায় উপযুক্ত বেতন, নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাধীনতা এবং অনিশ্চিত কর্মসংস্থানের অবসানও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আলোচনায় উঠে এসেছে। ২৯টি দেশ ও অঞ্চলের ৫১টি শিক্ষক সংগঠন তাদের প্রতিনিধি পাঠিয়েছিল।
এই সম্মেলনে শিক্ষার স্বাধীনতা রক্ষা পেশাগত স্বায়ত্তশাসন বজায় রাখা, গবেষণার সততা ও নিরপেক্ষতা রক্ষা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থা নিশ্চিত করার উপরে জোর দেওয়া হয়েছে। শিক্ষক প্রতিনিধিরা বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। যেমন, অপর্যাপ্ত বেতন, অতিরিক্ত কাজের চাপ, শিক্ষক–সঙ্কট বা শিক্ষায় সরকারি বিনিয়োগের অভাবের মতো বিষয়গুলি উঠে আসে।
শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষক–শিক্ষিকারা। ভারতের হয়ে এই সম্মেলনে প্রতিনিধিত্ব করেছে অল ইন্ডিয়া ফেডারেশন অফ এডুকেশনাল অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে সম্মেলনে অংশ নেওয়া অজিত নায়েকের কথায়, 'রাজ্য ও দেশের শিক্ষা ব্যবস্থায় নানা উন্নয়নের কথাই সম্মেলনে তুলে ধরা হয়েছে। দুই সরকার আগ্রহী হলে, শিক্ষার স্বার্থে আমরা মতামত বিনিময়ও করতে পারি।' একই সঙ্গে প্রতিনিধিরা বিভিন্ন অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা ভাগ করে নেন। তাঁরা সাংগঠনিক প্রচারাভিযান, ইউনিয়নের পুনর্গঠন, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের কথাও তুলে ধরেন।