রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প ভাঙচুর, লুটপাট, চুরির মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আইনজীবী সৈকত হোসেন তার জামিন চেয়ে আবেদন করেন। বাদীপক্ষে থেকে জামিনের বিরোধিতা করা হয়। তবে রাষ্ট্রপক্ষের কোন আইনজীবী ছিলেন না। পরে শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকালে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরদিন ২৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। গত ১ অক্টোবর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৭ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।
