রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চার বছর বয়সী এক শিশুকে নিয়ে পালানোর সময় মোছা. হাজেরা (৫২) নামে এক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের তৃতীয় তলার লিফটের সামনে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং আটক নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনসার সূত্রে জানা যায়, শিশুটির নাম রাইছা জান্নাত। ঘটনার সময় দায়িত্বে থাকা আনসার সদস্য পিসি মো. সাদেক হোসেন বাচ্চুর সন্দেহ হলে তিনি ওই নারীকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে হাজেরা নিজেকে শিশুটির নানী বলে পরিচয় দেন। তবে শিশুটির বাবা রবিউল ইসলাম ওই নারীকে চেনেন না বলে জানান।
পরে হাসপাতালের ৩১৬ নম্বর শিশু ওয়ার্ড থেকে শিশুটির বাবাকে খুঁজে বের করা হয়। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হলে পুলিশের এসআই মো. আনোয়ার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।
আনসার সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে আটক নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে শিশুটিকে তার বাবা রবিউল ইসলামের হেফাজতে বুঝিয়ে দেওয়া হয়।
