জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে দুই নেতার সমাধিস্থলে যান তিনি। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা যায় এবং তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মেহেদী হাসান রুয়েল বলেন, যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। আগামী দিনেও দেশ গঠন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রক্তদান ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশব্যাপী আলোচনা সভা, র্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচিও রয়েছে।
The post যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় শোডাউন appeared first on ভোরের চেতনা.
