বাড়ির সামনে জটলা। ছবি: এই সময়
Published on
:
1 min read
সকাল সকাল বাবার সঙ্গে কথা কাটাকাটি। ছেলের গালে থাপ্পড় মেরেছিলেন বাবা। অভিযোগ, এর পরেই ঘর থেকে ছেলের দেহ উদ্ধার হয়। আত্মীয়দের একাংশের দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন রবি পাল (১৮) নামে ওই যুবক। সোমবার নদিয়ার রানাঘাট থানার হবিবপুর মাঠপাড়া এলাকার ঘটনা।
রবির বাবা চন্দন পাল। এলাকার লোকজন জানান, ছেলের দেহ উদ্ধারের পাশাপাশি বাবাকেও থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দা শান্তকুমার বিশ্বাস বলেন, ‘আমি সকালে ফুল তুলতে যাব। দেখি বাবা-ছেলের ঝামেলা হচ্ছে। সকাল তখন ৫টা হবে। ছেলে কলের ধারে ছিল। বাবা কিছুটা দূরে ছিল। বাবা দৌড়ে গিয়ে ছেলেকে একটা থাপ্পড় মারে। সঙ্গে সঙ্গে ছেলে ঘরে চলে যায়। এর পরে আমিও ফুল তুলতে চলে যাই। এসে শুনি হইচই। সকলে ওদের বাড়িতে গিয়েছে। এর পরে শুনি ছেলেটা মারা গিয়েছে। থানায় ফোন করা হলো। পুলিশ এল। কী ভাবে মারা গেল তা জানি না। দেখি ছেলে নীচে পড়ে আছে।’
যদিও রবি পালের মামা কৃষ্ণ পাল বলেন, ‘এসে দেখি দেহ পড়ে আছে। শুনলাম বাবা চড় মারায় গলায় গামছার ফাঁস লাগিয়ে ফেলে। কী কারণে যে এ রকম করল জানি না। পুলিশ তদন্ত করে দেখুক। পুলিশের কাছেই মোবাইল ফোন আছে। দেখুক সবটা। ওর বাবাকেও পুলিশ নিয়ে গিয়েছে।’ রানাঘাট থানার পুলিশ যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।