গত রোববার (২৫ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অপরিচিত এক তরুণীর প্রবেশকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে মোনতাসিম বিল্লাহ (২১) ও এক তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়।
খুলনায় এক তরুণীর সঙ্গে আটক হওয়া এক যুবককে নিজের ভাতিজা হিসেবে প্রচার করে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
গত রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে সংসদ সদস্য লিখেছেন, আপনাদের দোয়া ও সমর্থনে আমি ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম, খুলনায় এক যুবক নারীর সাথে আটক হয়েছেন। উক্ত যুবককে আমার ভাতিজা হিসেবে প্রচার করে আমার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, এ বিষয়ে আমি সচেতন দেশবাসীকে স্পষ্টভাবে জানাতে চাই, উক্ত যুবক আমার ভাতিজা নন। তাই এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে এবং বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানাচ্ছি।
