মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারসংলগ্ন নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন ঢাকার খিলগাঁও এলাকার মো. মারুফ (৪০) ও পটুয়াখালীর মো. রাসেল (৩৫)। তাঁরা দুজনই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম (৫০) ও চেয়ারম্যান মাকসুদা আক্তারের (৪৫) নেতৃত্বে অফিসের কর্মীসহ আটজনের একটি দল দুপুর ১টার দিকে মাওয়া এলাকায় ঘুরতে আসেন। দলের অন্য সদস্যরা হলেন রাহাত (৩০), আবিদা আক্তার (২২), জুলেখা (১৬), বাবুল হোসেন (৪৫), শাকিল (২২), রাসেল ও মারুফ।
ঘোরাঘুরির একপর্যায়ে দলটি চরের পথ ধরে হেঁটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের কাছে পৌঁছায়। পরে তাঁরা একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর তীব্র স্রোতে পড়ে রাসেল ও মারুফ তলিয়ে যান। তাঁদের সঙ্গে থাকা অন্য সদস্যরা সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে মাওয়া নৌ পুলিশ ও মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে। পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।
