দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন নর্থ ব্লকে আগুন, ছুটে আসে দমকলের ৬ ইউনিট!
দিল্লিতে ভারতের সংসদ ভবন সংলগ্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লক চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত ছয়টি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনের ছাদে সংস্কারকাজ চলাকালে একটি পুরোনো প্লাস্টিকের পানির ট্যাঙ্কে আগুন লাগে। তবে শ্রমিকদের প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিল্লির সংসদ ভবন সংলগ্ন নর্থ ব্লক চত্বরে এ ঘটনা ঘটে। ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক এই প্রশাসনিক ভবনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কার্যালয় রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার কাছাকাছি আগুন লাগার ঘটনায় এলাকায় সাময়িক উদ্বেগ তৈরি হয়।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর অন্তত ছয়টি ইউনিট। ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই সরকারি ভবনের ছাদে সংস্কারকাজ চলছিল। এ সময় ছাদে থাকা একটি পুরোনো প্লাস্টিকের পানির ট্যাঙ্কে আগুন ধরে যায়। পরে সেখানে কর্মরত শ্রমিকরাই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনের সূত্রপাত ওই পানির ট্যাঙ্ক থেকেই। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা অন্য কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
