জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ছেলের হামলায় পিয়ারা বেগম (৬৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আড়াই বছরের এক শিশুসহ পরিবারের আরও চারজন আহত হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ছেলে সুমন আহমদকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত পিয়ারা পঙ্গবট গ্রামের মৃত ফয়জুল ইসলামের স্ত্রী। জানা গেছে, গত শুক্রবার সুমন তার সৎমা কুটিনা বেগমকে (৪৫) রুইল দিয়ে আঘাত করেন। পরদিন শনিবার রাতে পারিবারিক বিরোধের জেরে তিনি পরিবারের সদস্যদের ওপর আবারও হামলা চালান। এতে পিয়ারা, কুটিনা, তার ছেলে শাহীন আহমদ (৩৮), পুত্রবধূ শাহানা (৩২) ও আড়াই বছরের নাতনি ইসরাত জাহান আহত হয়। আহতদের প্রথমে উপজেলা ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে পিয়ারার মৃত্যু হয়। এ ঘটনায় শাহীন আহমদ বাদী হয়ে সুমন আহমদ ও তার ভাই শামীম আহমদকে (৪৭) আসামি করে মামলা করেন। ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় সুমনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।