দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত একদিনে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ২১৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের অক্টোবর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে মারা গেছে ১৪৮ জন। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন ভর্তি হয়েছে ৯৪২ জন। এ ছাড়া খুলনায় ২৮৪ জন, রাজশাহীতে ২৪৬ জন, চট্টগ্রামে ২৪০ জন, বরিশালে ২৩২ জন, ময়মনসিংহে ১২১ জন, রংপুরে ১১৩ জন এবং সিলেটে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
