সাকিবুল হাছান
আবাসিক সংকট নিরসনে নতুন ছাত্রাবাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সায়েম শাহরিয়ার বলেন, দীর্ঘদিন দিন ধরে আমরা নতুন হলের দাবি করে আসছি। আমাদের ঢাকা কলেজে পর্যাপ্ত পরিমাণ হল না থাকার কারনে অনেক শিক্ষার্থী বাহিরে কাজ করে সেই টাকা দিয়ে মেসে থাকছে। এসব কারনে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারছে না। আমরা চাই অতি দ্রুত নতুন হল নির্মাণ করে আমাদের আবাসন সমস্যার সমাধান করা হোক।
এছাড়াও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন বলেন, একজন মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান অন্যতম। আমাদের ২৩-২৪ সেশনের ভর্তির এক বছর পেরিয়ে গিয়েছে অথচ আমাদের আবাসনের কোনো ব্যাবস্থা করা হয়নি। একটা বিভাগে প্রায় তিনশত শিক্ষার্থী ভর্তি কর হলে মাত্র ৪-৫ জনকে সিট দেওয়া হয়। আর বাকি শিক্ষার্থী কোথায় যাবে? যে জাতি তার মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না সে জাতি কখনো তার ভাগ্যের উন্নতি করতে পারে না। তাই কলেজ প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা অনতিবিলম্বে শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যাবস্থা নিশ্চিত করুন।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, এ সংকটের বিষয়টি নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই তারা প্রশাসনের কাছে নতুন ছাত্রাবাস নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের মতে, প্রতিনিয়ত শিক্ষার্থী সংখ্যা বাড়লেও আবাসিক সুবিধা বাড়ছে না, যা শিক্ষাজীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।
