ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে শুরু হওয়া হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। উপজেলায় মোট ১ লাখ ৩৪ হাজার ২৭৪ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ মে পর্যন্ত বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা বেগমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশে হামের সংক্রমণ ও মৃত্যুঝুঁকি বেড়ে যাওয়ায় সরকার দেশজুড়ে জরুরি এ কর্মসূচি হাতে নিয়েছে। সারা দেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে টিকাদান কেন্দ্রগুলো খোলা থাকবে।
