হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি। এক দিনের ব্যবধানে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
এর আগের দিন রোববার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়তে থাকে। রাতের সঙ্গে বাড়ে কুয়াশার প্রবণতাও। ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে। তবে দিনের বেলায় প্রখর রোদে শীতের অনুভূতি কিছুটা কমে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর ঠান্ডা বাড়তে থাকে। ভোরে হিমেল বাতাস ও কুয়াশায় শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে ওঠে। তবে দিনের বেলায় রোদ থাকায় গরমও অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় দিনে গরম এবং রাতে ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।
The post একদিনের ব্যবধানে আরও কমলো পঞ্চগড়ের তাপমাত্রা appeared first on ভোরের চেতনা.
