গাজীপুর মহানগরের কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী জানান, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী বলেন, ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। আগুনের সূত্রপাত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
