সিঙ্গাপুরে গতকাল রোববার (২৫ অক্টোবর ২০২৬) টেরুসান রিক্রুয়েশন সেন্টারে অনুষ্ঠিত হলো মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্ট। ওয়ানডারিং ডার্বিসেসের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শন হুয়াং (এমপি, সিনিয়র পার্লামেন্টারি সেক্রেটারি, অর্থ ও জনশক্তি মন্ত্রণালয়), হামিদ রহমতুল্লাহ আবদুল রাজাক (এমপি, ওয়েস্ট কোস্ট জুরং ওয়েস্ট জিআরসি), জ্যাকসন ল্যাম (এমপি, নি সুন জিআরসি), ফয়সাল আবদুল আজিজ (চেয়ারপারসন, কাকি বুকিত আলজুনিড জিআরসি), মুহাম্মদ হান্নান বিন হাসান (সিনিয়র ফেলো, আরএসআইএস, সিঙ্গাপুরের সাবেক ডেপুটি মুফতি), তুং ইউই ফাই (প্রধান এসিই গ্রুপ, জনশক্তি মন্ত্রণালয়), রাজ মোহাম্মদ, (সভাপতি, সিঙ্গাপুর কাদায়ানাল্লুর মুসলিম লীগ), মোহাম্মদ ফারুক মোহাম্মদ ইসমাইল (পরিচালক, পিপলস অ্যাসোসিয়েশন), ক্যাপ্টেন এমদাদ হোসেন (ম্যানেজিং ডিরেক্টর, নাথালিন শিপিং সিঙ্গাপুর), ইকবাল মোহাম্মদ (ম্যানেজার, পার্টনারশিপ দাদাহ ইতু হারাম, সেন্ট্রাল নার্কোটিকস ব্যুরো, সিঙ্গাপুর), আরি হাফিজ (প্রধান, পার্টনারিং অ্যান্ড নেটওয়ার্ক, মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টার), জনাব আবদুস সাত্তার (এসবিএম গ্রুপ), ইমাম আবদুল কাদির (আঙ্গুলিয়া মসজিদ, সিঙ্গাপুর)। এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়ানডারিং ডার্বিসেসের কো-ফাউন্ডার, সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত প্রিয়মুখ মুনতাসীর মান্নান চৌধুরী এবং গণমাধ্যম কর্মীরা।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com
উৎসবমুখর পরিবেশে বিশেষ অতিথি শন হুয়াং (এমপি, সিনিয়র পার্লামেন্টারি সেক্রেটারি, অর্থ ও জনশক্তি মন্ত্রণালয়) তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। শন হুয়াং তাঁর বক্তব্য শেষে মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দল ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ানস দলকে ট্রফি ও দুই হাজার সিঙ্গাপুরি ডলার প্রদান করা হয়। রানার্সআপ দল পেনজুরু ইলেভেন স্টারকে ট্রফি ও এক হাজার সিঙ্গাপুরি ডলার প্রদান করা হয়।

মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্টে খেলাধুলার পাশাপাশি প্রবাসীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়। মাদককে ‘না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টে স্থাপন করা হয় একটি বিশেষ সচেতনতামূলক বুথ। যেখানে বিভিন্ন ধরনের সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। পাশাপাশি আয়োজন করা হয় মাদকবিষয়ক বিভিন্ন কুইজ, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রবাসীরা মাদকের ভয়াবহতা ও এর নেতিবাচক প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার উপায় সম্পর্কে জানতে পারেন। শিল্পকর্ম ও কুইজের মাধ্যমে মাদকবিরোধী বার্তাগুলো সহজ, আকর্ষণীয় ও শিক্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল প্রবাসীদের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা এবং মাদকমুক্ত সুস্থ জীবন যাপনে উৎসাহিত করা। উপস্থিত দর্শকদের ওয়ানডারিং ডার্বিসেসের পক্ষ থেকে খাবার ও পানি বিতরণ করা হয়। সেই সঙ্গে টেরুসান রিক্রিয়েশন সেন্টারের আন্তরিক ব্যবস্থাপনা ছিল হৃদয়ছোঁয়া।

প্রবাসজীবনে একাকিত্ব, মানসিক চাপ, হতাশা কিংবা ভুল বন্ধুমহলের প্রভাবে কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়েন। মাদক একজন মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করার পাশাপাশি তাঁর কর্মজীবন, পারিবারিক সম্পর্ক ও ভবিষ্যৎকে বিপন্ন করে তুলতে পারে। সিঙ্গাপুরে কঠোর মাদকবিরোধী আইন সম্পর্কে সচেতন থাকা এবং মাদক থেকে দূরে থাকা প্রত্যেক প্রবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুর সরকার সব সময় মাদকের বিরুদ্ধে আপসহীনভাবে কঠোর অবস্থানে থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতে বদ্ধপরিকর।

মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো ইয়াং ফাইটার ক্রিকেট টিম, ফ্রেন্ড জোন ইলেভেন, পেনজুরু ইলেভেন স্টার, ইউনিটি কিং, কুমিল্লা ভিক্টোরিয়ানস ক্রিকেট টিম, পেনজুরু ক্রিকেট টিম (পিসিটি), টিম টাইগার, ড্রিম ডমিনেটরস ক্রিকেট টিম, টেক্কা বেস্ট ইলেভেন, স্মার্ট বয়েজ ও মিস্টিক স্কোয়াড ক্রিকেট টিম। স্পনসর হিসেবে আন্তরিকভাবে সহযোগিতা করেছে অগ্রণী ব্যাংক মানি ট্রান্সফার প্রাঃ লিঃ, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার প্রাঃ লিঃ, প্রাইম ব্যাংক মানি ট্রান্সফার প্রাঃ লিঃ, এনইসি মানি ট্রান্সফার (নেক মানি), নাভা ইঞ্জিনিয়ারিং প্রাঃ লিঃ, দেশ ক্যাটারিং, জান্নাত ক্যাটারিং, কাচ্চি ভাই ও আমান ক্যাটারিং। খেলায় ছন্দময় ধারাভাষ্যকারের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন আরমান ও আল আমিন। সম্পূর্ণ অনুষ্ঠানের মুহূর্তগুলো স্মৃতিবন্দী করতে ক্যামেরায় ছিলেন শাহেদ মোহাম্মদ।

